যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী ও ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধ করে দিচ্ছে ইরান।
আজ শনিবার (২০ জুন) দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড 'খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স' এই ঘোষণা দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সামরিক কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে শত্রুপক্ষের প্রতিশ্রুতির বরখেলাপ ও আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ।
ইরান আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লেবাননে যদি এই ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুপক্ষকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে সামনে আরও কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধের ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
