৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে প্রবীণ তারদের মারাঠি ছবি 'দেউল বান্দ ২'। এটি ইতিমধ্যে সর্বকালের সর্বোচ্চ আয় করা পাঁচটি মারাঠি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। মাত্র ৮-১০ কোটি রুপি বাজেটে তৈরি ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই ৮০ কোটি রুপি ছাড়িয়েছে।
তবে অনেকেই হয়তো জানেন না, ছবিটি প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছানোর পেছনে বলিউড সুপারস্টার শাহরুখ খানের এক বড় ভূমিকা রয়েছে।
ব্যবসাসফল এই ছবিটি মুক্তির আগেই একটি বড় ধরনের সংকটের মুখে পড়েছিল। পরিচালক প্রবীণ তারদে জানান, ঠিক সেই কঠিন সময়েই এগিয়ে এসেছিলেন শাহরুখ খান। তিনি ছবিটির নির্মাতাদের প্রায় ৪২ থেকে ৪৫ লাখ টাকার একটি বিল মওকুফ করে দিয়েছিলেন।
যেভাবে শাহরুখের দ্বারস্থ হন নির্মাতারা
'অভিজাত মারাঠি ফিল্মি' প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ জানান, প্রেক্ষাগৃহে সিনেমা চালানোর জন্য ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) নামের একটি ফরম্যাটের প্রয়োজন হয়। এই কাজের জন্য তারা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের কাছে গিয়েছিলেন। নির্মাতারা এই প্রক্রিয়ার জন্য প্রায় ১২ লাখ রুপি বাজেট ধরেছিলেন। কিন্তু তাদের হাতে প্রায় ৪২ লাখ রুপির একটি বিল ধরিয়ে দেওয়া হয়।
সেই কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে প্রবীণ বলেন, 'বিল এল ৪২ লাখ রুপির। আমাদের কাছে এত টাকা ছিল না, আর কোথা থেকে জোগাড় করব, তারও কোনো উপায় ছিল না। আমরা রেড চিলিসে গিয়ে আমাদের পরিস্থিতি বুঝিয়ে বলি। আমরা তাদের বলি যে এটি একটি আঞ্চলিক মারাঠি ছবি এবং আমাদের বাজেট খুবই সীমিত। কিন্তু আমরা এটি বড় পরিসরে মুক্তি দিতে চাই এবং এ জন্য তাদের সহায়তা চাই।'
অবশেষে এই অনুরোধ পৌঁছায় খোদ শাহরুখ খানের কাছে।
প্রবীণ বলেন, 'তিনি (শাহরুখ) তার টেকনিক্যাল টিমের কাছে বিষয়টি জানতে চান। তারা তাকে জানায় যে, এটি "মুলশি প্যাটার্ন" নির্মাতাদের ছবি। যেহেতু "মুলশি প্যাটার্ন" ছবিটি পরে সালমান খান "অন্তিম" নামে রিমেক করেছিলেন, তাই শাহরুখ আমাদের কাজ সম্পর্কে জানতেন। এরপর তিনি "দেউল বান্দ ২" নিয়ে খোঁজ নেন। তার টিম জানায়, এটি চমৎকার একটি সিনেমা। নির্মাতারা ডিসিপি চাইছেন, কিন্তু বিল মেটানোর সামর্থ্য তাদের নেই। এদিকে ডিসিপি তৈরি হয়ে গেলেও বকেয়া থাকার কারণে তা হস্তান্তর করা হচ্ছিল না।'
'বিশাল হৃদয়' শাহরুখ
পরিচালকের মতে, বিষয়টি জানার পর শাহরুখের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক।
প্রবীণ বলেন, 'শাহরুখ সোজা বলে দিলেন, "ওদের বিল মওকুফ করে দাও।" তিনি টিমকে বলেন, "এটা একটা মারাঠি ছবি। ওদের ডিসিপি দিয়ে দাও। পেমেন্টের বিষয়টা আমরা পরে ঠিক করে নেব। ছবিটা যদি ভালো হয়, তবে ওদের ডিসিপি দিয়ে দাও।" মারাঠি সিনেমার প্রতি তারা প্রচণ্ড সম্মান দেখিয়েছেন। তার কাছে টাকার চেয়ে সিনেমাটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই ছবির সাফল্যের জন্য আমি এই মানুষদের কৃতিত্ব দিই।'
প্রবীণ জানান, শাহরুখের এই মহানুভবতার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে এ কারণে যে সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হবে কি না, তা না জেনেই শাহরুখ সাহায্য করেছিলেন।
তিনি বলেন, 'আজ ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবের দিকে এগোচ্ছে এবং সবাই এর প্রশংসা করছে। কিন্তু সিনেমাটি যখন কিছুই ছিল না, যখন কেউ জানত না এটি চলবে কি না, তখন শাহরুখ খান যা করেছিলেন তা চিরকাল মনে রাখার মতো। সাফল্যের কোনো গ্যারান্টি ছাড়াই তিনি আমাদের সাহায্য করেছিলেন। আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব।'
এই নির্মাতা আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে শাহরুখ খানকে ছবিটি দেখাতে চান।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার 'স্যাকনিল্ক'-এর তথ্য অনুযায়ী, 'দেউল বান্দ ২' ভারতীয় বক্স অফিসে এ পর্যন্ত প্রায় ৮১ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে। এই ছবির রচনা ও পরিচালনা করেছেন প্রবীণ তারদে। ছবিতে কৃষকদের আত্মহত্যার মতো একটি সংবেদনশীল বিষয় তুলে ধরার পাশাপাশি বিশ্বাস ও নাস্তিকতার মধ্যকার জটিল সম্পর্কও তুলে ধরা হয়েছে।
