তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রই দেশটির একমাত্র অবশিষ্ট বন্ধু এবং কেবল হত্যাযজ্ঞের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারবে না তারা। তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টরপন্থীদের বাস্তবতায় ফিরে আসার এবং ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান শান্তি চুক্তির সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেডি ভ্যান্সের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে হওয়া মার্কিন সমঝোতা স্মারক (এমওইউ)-এর ছাড়গুলোর প্রতি তীব্র ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ অনেকেই। গত বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স অভিযোগ করেন, লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা চালিয়ে ইসরায়েল মূলত শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে।
ভ্যান্স সাংবাদিকদের বলেন, '[নেতানিয়াহুর] মন্ত্রিসভার কিছু মানুষকে আপনারা দেখেছেন যারা এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন।'
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প 'এই মুহূর্তে পুরো বিশ্বে একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল।' ইসরায়েলি সরকারকে সতর্ক করে ভ্যান্স বলেন, 'আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে আমার একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না।'
গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি ও চরম দুর্ভোগের তীব্র সমালোচনা করেছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ইসরায়েলের অনেক পশ্চিমা মিত্র। মার্কিন জনগণের মধ্যেও ইসরায়েলের ভাবমূর্তি নাটকীয়ভাবে হ্রাস পাওয়ার বিষয়টি বিভিন্ন জরিপে উঠে এসেছে।
এই পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে ভ্যান্স বলেন, 'গত তিন মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা দুই-তৃতীয়াংশ প্রতিরক্ষামূলক অস্ত্রই আমেরিকার হাত দিয়ে তৈরি এবং আমেরিকার করদাতাদের টাকায় কেনা হয়েছে।'
তিনি কড়া ভাষায় বলেন, 'ইসরায়েলের কেউ যদি মনে করেন যে তাদের সবচেয়ে বড় সমস্যা মার্কিন প্রেসিডেন্ট, তবে তাদের জেগে ওঠার এবং এই মুহূর্তে তাদের দেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার বাস্তবতাকে অনুধাবন করার সময় এসেছে।'
লেবাননে ইসরায়েলের পূর্ববর্তী হামলার সমালোচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ওই হামলায় 'এমন অনেক মানুষ প্রাণ হারিয়েছেন যাদের সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক ছিল না'।
বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ভ্যান্স ইসরায়েলি মন্ত্রিসভার দুই কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন-গ্যভির এবং বেজালেল স্মোট্রিচের তীব্র সমালোচনা করেন।
ভ্যান্স বলেন, 'তাদের প্রতি আমার প্রতিক্রিয়া হবে: আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবটি কী? আপনারা ৯১ লাখ মানুষের একটি দেশ। আপনাদের জাতীয় নিরাপত্তার প্রতিটি সমস্যার সমাধান শুধু হত্যাযজ্ঞ চালিয়ে করা সম্ভব নয়।'
ভ্যান্সের এই মন্তব্যের জবাবে কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন-গ্যভির সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'এটাই প্রস্তাব... একবিংশ শতাব্দীর নাজিদের সঙ্গে ঠিক সেভাবেই আচরণ করা হোক, যেভাবে বিংশ শতাব্দীর নাজিদের সঙ্গে আচরণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।'
পরবর্তীতে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আশা করেন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য পরাশক্তিগুলো ইরানের সঙ্গে হওয়া 'সম্পূর্ণ যুদ্ধবিরতি' চুক্তি মেনে চলবে।
