ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে ইরানের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে কার্যত 'পুরোপুরি ধ্বংস' করে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের ওভাল অফিসে শিশুদের শারীরিক সক্ষমতা বিষয়ক এক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমরা তাদের শোচনীয়ভাবে পরাজিত করেছি। তাদের এক সময়ের শক্তিশালী নৌবাহিনী এখন কেবল সামনে মেশিনগান বসানো ছোট ছোট নৌকায় পরিণত হয়েছে।'
ইরানের নৌবাহিনীর ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ট্রাম্প তার চিরচেনা ভঙ্গিতে বলেন, 'তাদের প্রতিটি জাহাজ এখন সমুদ্রের তলদেশে বিশ্রাম নিচ্ছে।'
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'এরা অসুস্থ মানসিকতার লোক। আমরা এই উন্মাদদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তুলে দেব না।'
যুদ্ধের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা তাদের [ইরানকে] অত্যন্ত শোচনীয়ভাবে হারিয়েছি।'
সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প একটি সাম্প্রতিক সামরিক সংঘর্ষের কথা উল্লেখ করলেও বিস্তারিত জানাননি। তবে গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে, হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে শুরু করা 'অপারেশন ফ্রিডম' চলাকালীন তারা ইরানের অন্তত ছয়টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে।
