ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (১৩ মার্চ) ১৪তম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন; যদিও এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে তারা আগ্রহী নয়। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বা জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই দুর্ঘটনার কথা জানায় এবং একই সঙ্গে সেখানে উদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেয়।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খামেনি 'আহত এবং সম্ভবত বিকৃত"।
"তিনি গতকাল একটি বিবৃতি দিয়েছেন - আসলে এটি একটি দুর্বল বিবৃতি - সেখানে কোনো কণ্ঠ ছিল না এবং কোনো ভিডিও ছিল না। এটি একটি লিখিত বিবৃতি ছিল", হেগসেথ বলেন।
তবে মোজতবা খামেনির আহতের বিষয়ে এর বেশি কিছু বলেননি হেগসেথ। ইরানও মোজতবা খামেনি ও হেগসেথের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পুতিন হয়তো ইরানকে 'সামান্য' সাহায্য করছেন: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান যুদ্ধে ইরানকে 'সামান্য' সহায়তা দিয়ে থাকতে পারেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।
এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি মনে করি তিনি হয়তো তাদের কিছুটা সাহায্য করছেন, হ্যাঁ, আমার ধারণা। আর তিনি (পুতিন) সম্ভবত মনে করেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?"
ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান
ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিকে ভেঙে ফেলতে চাইছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, ''যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার ইরান এবং প্রধান ইসলামী দেশগুলোকে দুর্বল করার এবং ভেঙে ফেলার জন্য অসৎ উদ্দেশ্য এবং লক্ষ্য অনুসরণ করছে।"
ইরান সরকারের পতন হবে, 'তবে সম্ভবত এখনই নয়': ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার পর ইরানের জনগণ তাদের সরকার পরিবর্তনের জন্য জেগে উঠবে। তবে এটি এখনই নাও ঘটতে পারে।
আজ শুক্রবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, "আমি সত্যিই মনে করি যাদের কাছে অস্ত্র নেই তাদের জন্য এটি একটি বড় বাধা। আমি মনে করি এটি একটি খুব বড় বাধা … এটি ঘটবে, তবে সম্ভবত তা হবে, সম্ভবত এখনই নয়।"
ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে।
তবে তারা এটি নিশ্চিত করেছে যে, শত্রুভাবাপন্ন কোনো পক্ষের হামলা কিংবা নিজেদের বাহিনীর ভুল বা 'ফ্রেন্ডলি ফায়ারের' কারণে এই দুর্ঘটনা ঘটেনি।
ইরাকে ফ্রান্সের সেনাদের ওপর ড্রোন হামলা 'অগ্রহণযোগ্য': মাখোঁ
ইরাকের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় ফ্রান্সের এক সেনা নিহত এবং আরও ছয়জন আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি এই হামলাকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছেন।
প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ফ্রান্সের অবস্থান পুরোপুরি 'রক্ষণাত্মক'। তিনি এই প্রাণঘাতী হামলার নেপথ্যের কারণ এবং পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ সামরিক তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফ্রান্সের নিহত ও আহত সেনারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে স্থানীয় বাহিনীকে সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণ দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার তাদের ওপর এই হামলা চালানো হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে ওই এলাকার একটি ইতালীয় সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছিল।
মধ্যস্থতার আগে ইরানকে হামলা বন্ধের শর্ত দিল আমিরাত
ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব কৌশলে ইরান যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান নিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেইবেহ। তবে তিনি শর্ত দিয়েছেন যে, কোনো ধরনের মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার আগে ইরানকে অবশ্যই তার প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসেইবেহ বলেন, তিনি আত্মবিশ্বাসী যে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এই যুদ্ধের অবসান ঘটবে। তবে ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোতে হঠাৎ করে হামলা চালানোর ঘটনায় তারা বিস্মিত হয়েছেন।
নুসেইবেহ আরও বলেন, 'পরিশেষে এটি একটি কূটনৈতিক সমাধানের দিকেই যাবে। তবে তার জন্য একটি মোক্ষম সময়ের প্রয়োজন। আমার বিশ্বাস, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সবাইকে সেই মাহেন্দ্রক্ষণে নিয়ে যাবেন।'
মধ্যস্থতার উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে আগে হামলা থামাতে হবে। তার ভাষায়, 'হামলার শিকার হওয়া অবস্থায় মধ্যস্থতা নিয়ে আলোচনা করা কঠিন... বন্দুকের গর্জন থামলেই কেবল মধ্যস্থতা সম্ভব।'
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, আগুন
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি 'অজ্ঞাত লক্ষ্যবস্তুর' আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে আগুন ধরে গেছে।
গত কয়েক দিনে এই নৌপথে বেশ কিছু জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।
এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিজের প্রথম প্রকাশ্য বিবৃতিতে মোজতবা খামেনি হুঙ্কার দিয়েছেন। তিনি বলেন, 'হরমুজ প্রণালী বন্ধ রাখার এই কৌশল অবশ্যই অব্যাহত রাখতে হবে।'
ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, সব সক্ষমতা ধ্বংসের পথে: হেগসেথ
ইরানের ওপর চলমান সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, 'ইরানের সব উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা পরাজিত, ধ্বংস এবং অকেজো করে দেওয়ার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তা সঠিক পথেই এগোচ্ছে।'
তিনি আরও দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের সামরিক শক্তিকে ব্যাপকভাবে পঙ্গু করে দেওয়া সম্ভব হয়েছে এবং মিত্র বাহিনীর লক্ষ্য অর্জিত হচ্ছে।
বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা এখনো ইরানের আছে, সতর্ক করল পেন্টাগন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনের সক্ষমতা ধ্বংস করতে মার্কিন বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই তথ্য জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে জেনারেল কেইন বলেন, 'আমরা অনেকটা অগ্রগতি অর্জন করেছি, তবে বাণিজ্যিক জাহাজ এবং মিত্র বাহিনীর ক্ষতি করার সক্ষমতা এখনো ইরানের রয়েছে। এই হুমকি মোকাবিলায় আমাদের কাজ অব্যাহত আছে।'
তিনি আরও জানান যে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সেইসব তৎপরতার ওপর সরাসরি হামলা চালিয়ে যাচ্ছে যা হরমুজ প্রণালীর স্বাভাবিক জাহাজ চলাচলকে বাধাগ্রস্ত করতে পারে।
একই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানকে কোনো ধরনের আধিপত্য বা চ্যালেঞ্জ তৈরির সুযোগ দেবে না যুক্তরাষ্ট্র।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি 'মারাত্মকভাবে আহত': দাবি হেগসেথের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারাত্মকভাবে আহত এবং সম্ভবত তার চেহারা 'বিকৃত' হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য দেন।
হেগসেথ বলেন, 'গতকাল তিনি [মোজতবা] একটি বিবৃতি দিয়েছেন। এটি ছিল মূলত একটি দুর্বল ও লিখিত বিবৃতি। সেখানে কোনো অডিও বা ভিডিও ছিল না।'
তিনি আরও বলেন, 'ইরানের কাছে প্রচুর ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার রয়েছে। এরপরও কেন শুধু লিখিত বিবৃতি দেওয়া হলো? আমি মনে করি এর কারণ আপনারা সবাই জানেন। তার বাবা নিহত হয়েছেন। তিনি নিজে বর্তমানে ভীত, আহত এবং পলাতক অবস্থায় রয়েছেন। এমনকি (জনগণের কাছে) তার কোনো বৈধতাও নেই।'
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা 'ভুল': জার্মান চ্যান্সেলর
রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার যেকোনো পদক্ষেপকে 'ভুল' বলে অভিহিত করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। শুক্রবার নরওয়ে সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সমুদ্রপথে আটকে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের (ওয়েভার) ঘোষণা দিয়েছে। মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করে চ্যান্সেলর মের্ৎস বলেন, 'আমরা মনে করি এটি ভুল সিদ্ধান্ত। বর্তমানে জ্বালানি তেলের দাম নিয়ে সমস্যা থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই। এমতাবস্থায় মার্কিন সরকার ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা আমি জানতে চাই।'
আগামী সপ্তাহে ইরানে 'ভয়াবহ' হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আগামী সপ্তাহে ইরানের ওপর 'খুব কঠোর' হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে মার্কিন বাহিনী। তবে তিনি আশা প্রকাশ করেন যে, মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধপ্রচেষ্টা সফল হবে।
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানে কিছুটা বৈপরীত্য দেখা গেছে। একদিকে তিনি দাবি করছেন মার্কিন সামরিক বাহিনী ইরানের শক্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, অন্যদিকে এখনই যুদ্ধ শেষ করার বিষয়ে অনীহা প্রকাশ করছেন।
গত বুধবার কেনটাকির হেব্রনে এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেছিলেন, 'আমরা (ইরান যুদ্ধে) জিতে গেছি।'
তবে 'বাকি কাজ' শেষ করতে যুক্তরাষ্ট্রকে এই লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ব অর্থনীতিকে 'হাইজ্যাক' করতে চায় রাশিয়া ও ইরান: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া এবং ইরান সম্মিলিতভাবে বিশ্ব অর্থনীতিকে 'জিম্মি' করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সৌদি আরব সফরকালে এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ইভেট কুপার বলেন, 'কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়ে এই দুই দেশ বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করতে চাইছে।'
উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গতকাল দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিকে, রাশিয়ার তেলের ওপর থেকে যুক্তরাষ্ট্রের সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টিকে একটি 'নির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক ইস্যু' হিসেবে অভিহিত করেন কুপার। তিনি এ বিষয়ে মার্কিন সিদ্ধান্তের কোনো সমালোচনা করেননি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে নিবিড় সম্পর্ক দেখা যাচ্ছে। তাদের রণকৌশল এবং কর্মকাণ্ডের ধরনেও অনেক মিল রয়েছে। এই দুই রাষ্ট্র একে অপরকে সহায়তার মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে।'
ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, নারীসহ আহত ২
উত্তর ইসরায়েলে এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং ৫০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত 'কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার' বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো 'শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে' ঘটেনি।
ইরান যুদ্ধের অংশ হতে চায় না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালীতে পণ্যবাহী জাহাজের সুরক্ষায় সামরিক সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা বার্লিনের নেই। ওই অঞ্চলে ইরানের হামলা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এমন অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
নরওয়ে সফরকালে এক বক্তব্যে মের্ৎস বলেন, 'জার্মানি এই যুদ্ধের অংশ নয় এবং আমরা এর অংশ হতেও চাই না।'
তিনি আরও উল্লেখ করেন যে, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য সামরিক সুরক্ষা দেওয়ার কথা বিবেচনা করার মতো কোনো কারণ বর্তমানে জার্মানির সামনে নেই।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১,৪৪৪
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।
ইসরায়েলের বিরশেবা সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
ইসরায়েলের বিরশেবা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টা ধরে এই ড্রোন হামলা অব্যাহত থাকবে। এছাড়া ইসরায়েলের আরও বেশ কিছু সামরিক অবস্থানে হামলার পরিকল্পনা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
যুদ্ধের কারণে ইন্দোনেশিয়ায় ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী মাসে অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। ইরানসহ আটটি বড় মুসলিম উন্নয়নশীল দেশের এই সম্মেলনটি এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডি-৮ বা 'ডেভেলপিং-৮' হলো একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, যার সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এই দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে আজারবাইজান এই সংস্থায় নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ত্রি থারিয়াত জানিয়েছেন, সম্মেলনের পরবর্তী তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফিলিস্তিনের সমর্থনে ইরানে দেশজুড়ে পালিত হচ্ছে আল-কুদস দিবস
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে 'আল-কুদস দিবস' উপলক্ষে ইরানের রাজপথে নেমেছেন লাখ লাখ মানুষ। ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার সমর্থনে প্রতি বছর দেশটিতে এই দিবসটি পালিত হয়।
ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ফুটেজে রাজধানী তেহরানসহ ইসফাহান, তাবরিজ, কোম, শাহরেকর্ড, রাশত, আরদাবিল, আহওয়াজ, কাজভিন, ইয়াসুজ এবং বিরজান্দসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের বিশাল জনস্রোত দেখা গেছে।
সমাবেশের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ইরান ও ফিলিস্তিনের জাতীয় পতাকা বহন করছেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
