ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইরান যুদ্ধের ব্যয় এবং যুদ্ধ-সংশ্লিষ্ট নয় এমন অন্যান্য বিল পরিশোধের জন্য ৮০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফাইনবার্গ এ সপ্তাহে আইনপ্রণেতাদের সঙ্গে টেলিফোনে আলাপের সময় জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
পত্রিকাটি আরও জানিয়েছে, পেন্টাগনের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি কৃষি ও দুর্যোগ ত্রাণের মতো প্রতিরক্ষাবহির্ভূত অগ্রাধিকারমূলক খাতের জন্য অর্থ অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র সরকারের একটি পূর্ণাঙ্গ সম্পূরক বাজেট প্রস্তাব আগামী কয়েক দিনের মধ্যেই আইনপ্রণেতাদের কাছে পাঠানো হতে পারে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।
রয়টার্স যোগাযোগ করলে কর্মঘণ্টার বাইরে থাকায় হোয়াইট হাউস এবং পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এপ্রিলে এক পেন্টাগন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি ছিল যুদ্ধের ব্যয় সম্পর্কে প্রথম সরকারি হিসাব।
তবে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে প্রেসিডেন্ট ট্রাম্প যে যুদ্ধ শুরু করেন, সেই সংঘাতের মোট ব্যয় কত হয়েছে, তা এখনো কংগ্রেসে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে রয়েছে।
অতিরিক্ত অর্থায়নের জন্য প্রাথমিকভাবে ২০০ বিলিয়ন ডলারের যে আবেদন করা হয়েছিল, তা আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে পড়ে।
হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভট এপ্রিল মাসে প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির এক শুনানিতে বলেন, যুদ্ধের ব্যয় কত হয়েছে সে বিষয়ে তার কাছে কোনো হিসাব নেই।
একই শুনানিতে তিনি ট্রাম্পের প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বার্ষিক সামরিক বাজেটের পক্ষে অবস্থান তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেটে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির অগ্রাধিকারগুলো প্রতিফলিত হয়েছে। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে।
তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চ মূল্য এবং ইরান যুদ্ধের আর্থিক বোঝা নিয়ে ভোটারদের উদ্বেগ ক্রমশ বাড়ছে, যা দলটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
