চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে এক মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির ঘটনায় এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাভোগ করতে হবে।
বুধবার (৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন মাহমুদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বিবি মরিয়ম বেগম নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আকবরশাহ থানায় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিবি মরিয়ম। অভিযোগে তিনি দাবি করেন, তার দুই ছেলে ফয়সাল উদ্দীন ও ফাহাদ উদ্দীনকে মারধর এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছেন মোক্তার হোসেন।
পরে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে অভিযোগের কোনো সত্যতা না পেয়ে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, উত্তর কাট্টলী এলাকায় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে চলা আইনি প্রক্রিয়ায় উচ্চ আদালত জাকির হোসেনের পক্ষে রায় বহাল রাখেন এবং জমিতে নির্মাণকাজ চালানোর অনুমতি দেন।
এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে ওই জমিতে নির্মাণসামগ্রী আনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোক্তার হোসেন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পরদিন থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয় বলে আদালতে উপস্থাপিত নথিতে উল্লেখ করা হয়েছে।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন চৌধুরী জানান, পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ২১১ ধারায় আদালত বিষয়টি আমলে নেন। বিচারিক কার্যক্রমে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
