চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় উল্টো পথে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর একাধিক যাত্রী হতাহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রাতে ৯টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রাত সাড়ে ১১টা পর্যন্ত তিন জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।'
তিনি আরও জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৪ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি ১২ জনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহত তিনজনের কেউই এখনও শনাক্ত হননি, তবে তারা সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ।
