কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এবারও শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩২তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান ১৭তম।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) কিউএস এই র্যাঙ্কিং প্রকাশ করে। প্রতি বছর নভেম্বরের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এবারের তালিকায় এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। চীনের পিকিং ইউনিভার্সিটি তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এ র্যাঙ্কিংয়ে মূলত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করা হয়েছে। এছাড়া কিউএস প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে। সেই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।
