ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন।
আজ রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি 'ব্যক্তিগত' কারণের কথা উল্লেখ করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাইফুদ্দীন আহমদ।
দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- পদত্যাগের কথা নিশ্চিত করেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, 'একেবারেই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ২০ মাস দায়িত্ব পালনকালে খুবই ব্যস্ততা গিয়েছে। আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই।'
তিনি বলেন, 'আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন ক্যাম্পাস একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। উপাচার্য ছিল না, ডিন ছিল না। সে অবস্থা থেকে ক্রমান্বয়ে ক্যাম্পাস অনেকটাই স্থিতিশীল অবস্থায় এসেছে। তাই মনে করছি আমার কাজ শেষ।'
