হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) রেহানা আক্তার রানু বলেছেন, 'শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবন কালো করে ছাড়বে।'
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিরোধী দলের উদ্দেশে রেহানা আক্তার রানু বলেন, 'এখন সরকারের চার মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা—আল্লাহ না করুক, ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।'
আলোচিত 'আয়নাঘর' প্রসঙ্গে তিনি বলেন, 'কিছুদিন আগে আয়নাঘর দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।'
বাজেট প্রসঙ্গে বিএনপির এই সংসদ সদস্য বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড় দেওয়ার ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।'
তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা আর কমাতে চান না উল্লেখ করে তিনি বাজার তদারকি আরও জোরদারের দাবি জানান।
ব্যাংক খাতের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রেহানা আক্তার রানু বলেন, 'ব্যাংকের অর্থ লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা গ্রাহকদের অর্থ বিদেশে পাচার করেছে, তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া উচিত।'
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ফেনীতে ১১ জন প্রাণ হারিয়েছেন। কিন্তু নিহতদের পরিবারের সদস্যরা এখনও বিচার না পাওয়ার অভিযোগ করছেন।'
এ বিষয়ে সংসদ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা, গ্যাস সংযোগ, ফেনীতে মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নিজ এলাকার বিভিন্ন উন্নয়ন দাবিও সংসদে তুলে ধরেন বিএনপির এই সংসদ সদস্য।
