২০২৪-২৫ অর্থবছরে ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি, সবচেয়ে বেশি চীন-ভারতের সঙ্গে: বাণিজ্যমন্ত্রী
২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ৫৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি রয়েছে চীন ও ভারতের সঙ্গে। জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য সাবিকুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, "দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতির বড় অংশই কয়েকটি প্রধান বাণিজ্য অংশীদার দেশের মধ্যে কেন্দ্রীভূত। শিল্পখাতের কাঁচামাল, জ্বালানি এবং মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর উচ্চ নির্ভরশীলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।"
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি হয় চীনের সঙ্গে, যার পরিমাণ ১৭.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে চীনে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র ৬৯৪.৪৯ মিলিয়ন ডলার। ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিকস পণ্য, শিল্প কাঁচামাল ও মূলধনী পণ্যের ব্যাপক আমদানি এই ঘাটতির প্রধান কারণ।
দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে, যার পরিমাণ ৭.৮৬ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ভারতকে ১.৭৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও—তুলা, রাসায়নিক, খাদ্যপণ্য ও বিভিন্ন ভোগ্যপণ্য আমদানির কারণে বড় ব্যবধান তৈরি হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য। ইন্দোনেশিয়ার সঙ্গে ঘাটতি ৩.৫৯ বিলিয়ন ডলার, সিঙ্গাপুরের সঙ্গে ২.৮০ বিলিয়ন ডলার এবং মালয়েশিয়ার সঙ্গে ২.০১ বিলিয়ন ডলার। এছাড়া ভিয়েতনামের সঙ্গে ৭৯৯.৭৪ মিলিয়ন ডলার এবং থাইল্যান্ডের সঙ্গে ৭২৩.৮৫ মিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।
জ্বালানি আমদানিনির্ভরতার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। কাতারের সঙ্গে ঘাটতি ২.১১ বিলিয়ন ডলার, সৌদি আরবের সঙ্গে ১.৩৬ বিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ১.১৯ বিলিয়ন ডলার এবং ওমানের সঙ্গে ২১৯.৬৬ মিলিয়ন ডলার।
পূর্ব এশিয়ার অর্থনীতিগুলোর মধ্যে তাইওয়ানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৮০৩.৯৮ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৭৪০.০২ মিলিয়ন ডলার, জাপানের সঙ্গে ৪৮৯.৩০ মিলিয়ন ডলার এবং হংকংয়ের সঙ্গে ১৯৯.৩৫ মিলিয়ন ডলার। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের সঙ্গে ঘাটতির পরিমাণ ৬৮১.৩০ মিলিয়ন ডলার।
ইউরোপ ও ইউরেশিয়া অঞ্চলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১.২৬ বিলিয়ন ডলার এবং সুইজারল্যান্ডের সঙ্গে ৪১৪.৩৯ মিলিয়ন ডলার। দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বড় ঘাটতি ব্রাজিলের সঙ্গে, যার পরিমাণ ২.৪৫ বিলিয়ন ডলার। এছাড়া আর্জেন্টিনার সঙ্গে ৭৬৩.১৩ মিলিয়ন ডলার এবং প্যারাগুয়ের সঙ্গে ৮৩.৭০ মিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।
আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যের পরিমাণ তুলনামূলক কম হলেও ঘাটতির বিস্তার রয়েছে। মরক্কোর সঙ্গে ৫১১.৯৫ মিলিয়ন ডলার, বেনিনের সঙ্গে ৪৬৪.৭৫ মিলিয়ন ডলার, ক্যামেরুনের সঙ্গে ২৭২.৩১ মিলিয়ন ডলার, মালির সঙ্গে ২৪৭.১১ মিলিয়ন ডলার এবং বুর্কিনো ফাসোর সঙ্গে ১৯৫.০৭ মিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।
ওশেনিয়া অঞ্চলে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩২০.১৯ মিলিয়ন ডলার এবং নিউজিল্যান্ডের সঙ্গে ২৯৭.৯৭ মিলিয়ন ডলার বলে সংসদে জানান বাণিজ্যমন্ত্রী।
