২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে, সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সংসদ সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, এসময়ে রেমিট্যান্সের উৎস প্রধান প্রধান দেশগুলো হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, গ্রিস, জর্ডান, অস্ট্রেলিয়া, কানাডা, মালদ্বীপ, মরিশাস, স্পেন, জার্মানি, পর্তুগাল, লেবানন, ব্রুনাই দারুস সালাম, জাপান, ইরাক, পোল্যান্ড, সুইডেন ও সাইপ্রাস।
এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন আরিফুল হক চৌধুরী। সংসদে তিনি জানান, সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, 'সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের জন্য কাজ করছে। আশা করা যায়, অতিদ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।'
