আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এজন্য সারা দেশে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে জরুরি বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত ওই বার্তা দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে পাঠানো হয়।
ওই জরুরি বার্তায় বলা হয়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারেন দলটির নেতাকর্মীরা। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এছাড়া কর্মসূচিতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ বা অপ্রীতিকর ঘটনারও আশঙ্কা রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, '২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে।'
তিনি আরও বলেন, এ কার্যক্রম চলমান থাকবে; তবে দিনটিকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।
