চুক্তির আলোচনা শুরুর আগেই ইরানের আটক ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: দাবি ইরানি সংবাদমাধ্যমের
সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনা শুরুর আগেই ইরানের জব্দ থাকা ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে হওয়া ১৪ দফার সমঝোতা স্মারকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের মেহর নিউজ এজেন্সি।
মেহরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পর যে ৬০ দিনের আলোচনা পর্ব চলবে, তার মধ্যেই ইরানের মোট ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল ধাপে ধাপে মুক্ত করা হবে।
আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা।
ওই নথিতে বলা হয়েছে, 'আলোচনা শুরুর আগেই এই তহবিলের অর্ধেক অর্থ ইরানের জন্য ছাড় করতে হবে।' যদিও নথির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিও একই দাবি করেছেন। তিনি বলেন, আলোচনার পরবর্তী ধাপের ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটনের কিছু শর্ত পূরণের ওপর, যার মধ্যে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ফেরত দেওয়াও রয়েছে।
তবে তেহরানের অবরুদ্ধ অর্থ ছাড়ের এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
গারিবাবাদির ওই মন্তব্যের পর রোববার একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, 'এই দাবি সম্পূর্ণ অসত্য। এটি মূলত কাজের ভিত্তিতে পাওনা মেটানোর চুক্তি। ইরান যতক্ষণ না তাদের প্রতিশ্রুতি পালন করছে, ততক্ষণ অবরুদ্ধ তহবিল থেকে কোনো অর্থ ছাড় করা হবে না।'
