চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে একটি চুক্তি স্বাক্ষরের পর, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। ইউরোপীয় চার দেশের সমন্বয়ে গঠিত এই জোটটি গত রবিবার জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিক্রিয়ায় তারা এ সিদ্ধান্ত নিতে প্রস্তুত।
দেশগুলোর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, 'ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্য অর্জনে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ করতে প্রস্তুত।'
এদিকে, মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি রূপরেখায় তারা একমত হয়েছেন। এ রূপরেখার আওতায় ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ উঠবে ও ফের খুলে যাবে হরমুজ প্রণালি। এছাড়া গুরুত্বপূর্ণ ওই নৌপথ দিয়ে তেল সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনায় এ প্রাথমিক চুক্তির ঘোষণা আসার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য নির্ধারণে আরও আলোচনা হবে।
রোববার ওয়াশিংটন স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যল্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন: 'ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।' মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করার পরপরই ট্রাম্পের এই পোস্ট করেন।
শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সই করবে দুই দেশ।
