তিন মাস পর হরমুজ পেরোল তেল-গ্যাস বোঝাই ৩টি সুপারট্যাঙ্কার, গন্তব্য চীন ও পাকিস্তান
দীর্ঘ প্রায় তিন মাস আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ইরাকি অপরিশোধিত তেল বোঝাই তিনটি সুুপারট্যাঙ্কার। শিপিং ডেটার বরাতে রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারগুলো পাকিস্তান ও চীনের উদ্দেশে যাত্রা করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথেই পরিবাহিত হয়।
শিপিং ডেটা অনুযায়ী, বাহামার পতাকাবাহী এলএনজি ট্যাঙ্কার 'ফুওয়াইরিত' সোমবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটি মঙ্গলবার পাকিস্তানে তার গ্যাস খালাস করবে বলে আশা করা হচ্ছে। জাপানের 'মিতসুই ওএসকে লাইনস'-এর মালিকানাধীন এই জাহাজটি গত ২৮ মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই করেছিল।
এছাড়া অপর এলএনজি ট্যাঙ্কার 'আল রাইয়ান'ও প্রণালিটি অতিক্রম করেছে। কাতার এনার্জির মালিকানাধীন এই জাহাজটি রাস লাফান থেকে গ্যাস বোঝাই করে গত ২২ মে সর্বশেষ পারস্য উপসাগরে অবস্থান করছিল। বর্তমানে এটি ইরান ও ওমানের মধ্যবর্তী জলসীমায় রয়েছে। আগামী ২৭ জুন এটি চীনে পৌঁছাবে বলে এলএসইজি এবং কেপলারের ডেটায় দেখা গেছে।
অন্যদিক, সিঙ্গাপুরের পতাকাবাহী সুপারট্যাঙ্কার 'ইগল ভেরোনা' গত শনিবার সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছে। প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি 'বসরা ক্রুড' বোঝাই এই জাহাজটি আগামী ১২ জুন চীনের পূর্বাঞ্চলীয় নিংবো বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এশিয়া মহাদেশের বৃহত্তম শোধনাগার সিনোপেক-এর ট্রেডিং শাখা 'ইউনিল্যাক' এই জাহাজটি চার্টার বা ভাড়া করেছিল।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় শিপিং কোম্পানি এমআইএসসি-এর মালিকানাধীন এই জাহাজটি গত ২৬ ফেব্রুয়ারি তেল বোঝাই করার পর থেকেই আটকে ছিল। সূত্র জানিয়েছে, এই জাহাজসহ মোট সাতটি জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের কাছে অনুমতি চেয়েছিল মালয়েশিয়া। এর মধ্যে পাঁচটি জাহাজ ইতিমধ্যেই প্রণালি পার হতে পেরেছে এবং বাকি দুটি এখনও উপসাগরে আটকে আছে।
ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করত। তবে যুদ্ধ শুরুর পর এই হার হ্রাস পেয়েছে। বর্তমানে পারস্য উপসাগরের ভেতরে শত শত জাহাজে প্রায় ২০ হাজার নাবিক ও ক্রু আটকে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
