‘বিজয় মামা সব সময় তোমাদের পাশে থাকবে’—জেনজিদের আশ্বস্ত করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) শপথ গ্রহণের পর নিজের প্রথম আদেশে তিনি বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ প্রদান, মাদকের বিরুদ্ধে অভিযান এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাক্ষর করেছেন।
তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় তার প্রথম আদেশে রাজ্যের সব পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া মাদকের বিস্তার রোধে একটি 'বিশেষ টাস্কফোর্স' এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি 'বিশেষ বাহিনী' ও হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য ও জলের মতো মৌলিক অধিকারগুলোর দিকে তার সরকারের পূর্ণ নজর থাকবে। তিনি বলেন, 'কৃষক ও জেলেদের যত্ন নেওয়া হবে। সবকিছু ভালো হবে।'
অতীতের মতো এবারও নিজের আবেগময় ভাষণটি বিজয় শুরু করেন তার বিখ্যাত তামিল উক্তি 'এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম' (যারা আমার হৃদয়ে বাস করে) দিয়ে, যা তিনি সাধারণত তার ভক্তদের উদ্দেশ্য করে বলে থাকেন।
বিজয় বলেন, 'একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে জায়গা দিয়েছেন, আমাকে গ্রহণ করেছেন।'
তরুণ ভোটার এবং বিশেষ করে 'জেন জি' সমর্থকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজয় বলেন, 'যে ছোট বন্ধুরা আমাকে 'বিজয় মামা' বলে ডাকে, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ। তাদের কারণেই আজ এই সবকিছু সম্ভব হয়েছে। আপনাদের ভবিষ্যতের জন্য কাজ করে আমি আমার এই কৃতজ্ঞতার ঋণ শোধ করব। আত্মবিশ্বাসী থাকুন, এই বিজয় মামা সব সময় আপনাদের পাশে থাকবে।'
জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার আশ্বাস দিয়ে থালাপতি বলেন, 'ডিএমকে রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে এবং আমরা ১০ লাখ কোটি টাকার (২০২৭ সালের মার্চ পর্যন্ত প্রজেক্টেড) ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছি। আমরা জনগণের তহবিলের এক কানাকড়িও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।'
একটি 'নতুন যুগের প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের' প্রতিশ্রুতি দিয়ে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীণ চক্রবর্তী, বাম নেতা এম এ বেবি এবং অন্যান্য মিত্রদের ধন্যবাদ জানান।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের ম্যাজিক ফিগার (১১৮) থেকে দূরে ছিল। প্রায় এক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তার পর শনিবার সন্ধ্যায় ভিএসকে ও আইইউএমএল (উভয় দলের দুজন করে বিধায়ক) বিজয়কে সমর্থন জানালে এই নাটকের অবসান হয়।
এর আগে কংগ্রেস (৫ আসন) এবং সিপিআই ও সিপিআই-এম (২ আসন করে) বিজয়কে সমর্থন দিয়েছিল। সব মিলিয়ে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা এখন ১২০-এ পৌঁছেছে। তবে বিজয়ের পরবর্তী এবং সবচেয়ে বড় পরীক্ষা হবে বিধানসভায়, যেখানে ১৩ মে-এর আগে তার সরকারকে 'ফ্লোর টেস্ট' বা আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
