হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজ চলাকালে হোটেলের বাইরে হঠাৎ বিকট গুলির শব্দ শোনা যায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রামকে দ্রুত সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
কর্মকর্তারা জানান, শটগান হাতে এক ব্যক্তি নিরাপত্তা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে এই ব্যবস্থা নেওয়া হয়।
এফবিআই'র এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বন্ধুকধারী ওই ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি চালান। তবে বুলেটটি সুরক্ষা পোশাকে (বুলেটপ্রুফ জ্যাকেট) আঘাত করায় ওই সদস্য আহত হননি।
বর্তমানে ট্রাম্পসহ সব ফেডারেল কর্মকর্তা নিরাপদ আছেন বলে জানা গেছে।
এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে।
ট্রাম্প লিখেছেন, 'ওয়াশিংটনে বেশ ঘটনাবহুল একটি রাত। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দারুণ কাজ করেছে।'
এর কিছুক্ষণ পর তিনি আরও জানান, 'ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্যই নিরাপদ আছেন।' একই রাতে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, অনুষ্ঠানে প্রবেশপথের মূল তল্লাশি এলাকার কাছে গুলির ঘটনাটির তদন্ত চলছে।
এদিকে, নৈশভোজে উপস্থিত অতিথিরা গুলির শব্দ শোনার পরপরই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান এবং এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এরপর অনেকেই 'নিচে নামুন, নিচে নামুন' বলে চিৎকার শুরু করেন।
প্রায় ২,৬০০ অতিথির অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন।
এ সময় কমব্যাট গিয়ার পরিহিত সিক্রেট সার্ভিস সদস্যরা ডাইনিং হলে ঢুকে পড়েন। ট্রাম্প ও ফার্স্ট লেডি প্রথমে মঞ্চের পেছনে দিকে ছিলেন, পরে তাদেরকে সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
গুলির শব্দ শোনা মাত্রই অতিথিরা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করেন, আর ওয়েটাররা ডাইনিং হলের সামনের দিকে সরে যান।
