ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
যুক্তরাষ্ট্রের তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানে একটি সম্ভাব্য চুক্তির লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মঙ্গলবার সকালের মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন বলে আশা করা হচ্ছে।
ভ্যান্স এমন এক সময়ে পাকিস্তানে পৌঁছাবেন যখন চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুমকি দিয়েছেন যে, যদি কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তবে তিনি ইরানের বিভিন্ন সেতু এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে নতুন করে বোমা হামলা শুরু করবেন।
যদিও এতো অল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন কাজ, তবে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির কোনো লক্ষণ দেখা দিলে ট্রাম্প সময়সীমা আরও বাড়াতে সম্মত হতে পারেন।
ট্রাম্প ইতোমধ্যে কার্যকরভাবে একদিন সময় বাড়িয়ে দিয়েছেন। যদিও যুদ্ধবিরতির জন্য নির্ধারিত দুই সপ্তাহের মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সোমবার তিনি জানিয়েছেন যে এই সময়সীমা আসলে বুধবার সন্ধ্যা পর্যন্ত।
হোয়াইট হাউস সোমবার সারাদিন তেহরানের একটি সংকেতের অপেক্ষায় ছিল যে তারা তাদের আলোচক দলকে ইসলামাবাদে পাঠাবে কি না।
এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চাপের কারণে আলোচকরা কিছুটা সময় নিচ্ছিলেন। বিপ্লবী গার্ড বাহিনীর দাবি ছিল—যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না।
পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা ইরানিদের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত সূত্র জানিয়েছে, সোমবার রাতে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে 'সবুজ সংকেত' আসে।
দুটি সূত্র জানিয়েছে যে ভ্যান্স মঙ্গলবার সকালে রওনা দেবেন, অন্যদিকে তৃতীয় একটি সূত্র জানিয়েছে যে তিনি সোমবার গভীর রাতেই রওনা হতে পারেন।
এই আলোচনায় অংশ নিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও ইসলামাবাদে যাবেন বলে আশা করা হচ্ছে।
