ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা দিলেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননের একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।
ওই কর্মকর্তা সিএনএন-কে বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি যে, আমরা এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত নই।'
লেবাননের কর্মকর্তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত তারা আর কোনো আলোচনা করবেন না। অন্যদিকে, সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসেছে।
৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহে ওয়াশিংটনে চার দশকের মধ্যে প্রথম সরাসরি আলোচনার পর এবার নেতানিয়াহু ও আউন ফোনে কথা বলতে যাচ্ছেন।
ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন যে দুই নেতা কথা বলবেন, যদিও সেই আলাপ কবে বা কীভাবে হবে সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
উল্লেখ্য, ইসরায়েল জানিয়েছে যে তারা ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এখনই শেষ করতে চাইছে না। এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত ২,১৬৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
