উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি এলাকায় হওয়া এক হামলার ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়লে তা উপসাগরীয় দেশগুলোতেই জীবনের অবসান ঘটাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হওয়া সংঘাতের বিষয়ে পশ্চিমাদের সেই ক্ষোভের কথা মনে আছে? অথচ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বুশেহর কেন্দ্রে চারবার বোমা হামলা চালিয়েছে।'
তিনি আরও লেখেন, 'তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়লে তেহরানে নয়, বরং জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল বা উপসাগরীয় সহযোগিতা সংস্থা) ভুক্ত দেশগুলোর রাজধানীতে জীবনের অবসান ঘটবে। আমাদের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হওয়া হামলাগুলোও তাদের আসল উদ্দেশ্য কী, তা স্পষ্ট করে দিচ্ছে।'
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো নিশ্চিত করেনি যে তারা এই হামলার সঙ্গে জড়িত কি না।
