ভুলে গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠিয়ে দিল দ.কোরিয়ার ক্রিপ্টো প্রতিষ্ঠান
ভুলবশত গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার বা ৩২ বিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের বিটকয়েন দিয়ে ফেলেছিল দক্ষিণ কোরিয়ার একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। এতে কিছু সময়ের জন্য মাল্টি-মিলিয়নিয়ার বনে যান ওই গ্রাহকরা! শুক্রবার এ ঘটনা ঘটে।
'বিথাম' নামের এই প্ল্যাটফর্মটি গ্রাহকদের ২ হাজার ওন বা ১.৩৭ ডলারের একটি ছোট নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ভুল করে তারা ২ হাজার বিটকয়েন পাঠিয়ে দেয়।
প্রতিষ্ঠানটি এই ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে, তারা দ্রুত বিষয়টি বুঝতে পেরে প্রায় সব টোকেনই পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ভুলের মাত্র ৩৫ মিনিটের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের লেনদেন এবং অর্থ উত্তোলন বা উইথড্রয়াল সুবিধা সাময়িক বন্ধ করে দেয়।
বিথাম জানিয়েছে, ভুলবশত পাঠানো ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের ৯৯.৭ শতাংশই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে বিথাম বলে, 'আমরা পরিষ্কার করতে চাই যে, এই ঘটনার সঙ্গে হ্যাকিং বা নিরাপত্তা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এবং আমাদের সিস্টেম বা গ্রাহকদের সম্পদ ব্যবস্থাপনায়ও কোনো সমস্যা নেই।'
শনিবার এক জরুরি বৈঠকে দক্ষিণ কোরিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ফিনান্সিয়াল সুপারভাইজরি সার্ভিস (এফএসএস) জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে। কোনো বেআইনি কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।
বিথাম নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। সিইও লি জে-ওন বলেন, 'আমরা এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং বাহ্যিক প্রবৃদ্ধির চেয়ে গ্রাহকের আস্থা ও মানসিক শান্তিকে অগ্রাধিকার দেব।'
ক্ষতিপূরণ হিসেবে প্রতিষ্ঠানটি ওই সময়ে প্ল্যাটফর্ম ব্যবহারকারী সব গ্রাহককে ২০ হাজার ওন বা ১৩.৬৬ ডলার দেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া তারা ট্রেডিং ফি মওকুফসহ আরও কিছু ব্যবস্থা নেবে। বিথাম জানিয়েছে, তারা যাচাইকরণ বা ভেরিফিকেশন সিস্টেম উন্নত করবে এবং অস্বাভাবিক লেনদেন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালু করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সিটিগ্রুপ ব্যাংকও একটি ভুল করে গ্রাহকের অ্যাকাউন্টে ২৮০ ডলারের বদলে ৮১ ট্রিলিয়ন ডলার জমা করে ফেলেছিল। পরে অবশ্য ব্যাংকটি সেই ভুল সংশোধন করে নেয়।
