পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
অতিরিক্ত পর্যটকদের চাপে স্থানীয়দের জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠায় জাপানের মাউন্ট ফুজির কোলঘেঁষা একটি শহরে এবারের সাকুরা উৎসব বাতিল করা হয়েছে।
'ফুজিইয়োশিদা' নামের ওই শহরের বাসিন্দাদের অভিযোগ, পর্যটকদের ভিড়ে সেখানে সারাক্ষণ তীব্র যানজট লেগে থাকে, যত্রতত্র আবর্জনা ফেলা হয়। এমনকি অনেক পর্যটক অনুমতি ছাড়াই মানুষের ব্যক্তিগত বাগানে ঢুকে পড়েন এবং সেখানে মলমূত্র ত্যাগ করে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছেন।
বসন্তকালে যখন চেরি ফুল বা সাকুরা ফোটে, তখন মাউন্ট ফুজিকে পেছনে রেখে ছবি তোলার জন্য পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে ওঠে এই শহর। বিশেষ করে আরাকুরায়ামা সেনজেন পার্কের প্যাগোডা থেকে শহরের দৃশ্যটি 'ইনস্টাগ্রাম'-এর কল্যাণে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়।
২০১৬ সালে পর্যটন বাড়াতে এই উৎসব শুরু হলেও এখন তা শহরের সক্ষমতার বাইরে চলে গেছে।
শহরের মেয়র শিগেরু হোরিউচি গত মঙ্গলবার বলেন, পর্যটকদের অত্যাচারে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে। তিনি বলেন, 'আমাদের নাগরিকদের মর্যাদা এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে আমরা ১০ বছরের পুরোনো এই উৎসবটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একরকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছি।'
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় ১০ হাজার পর্যটক এই শহরে ভিড় করছেন। জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠাই এর প্রধান কারণ।
উৎসব আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলেও এপ্রিল ও মে মাসে পর্যটকদের ভিড় কমার সম্ভাবনা নেই। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে ফুজিইয়োশিদা শহর কর্তৃপক্ষ।
সেই সাথে, পর্যটকদের ছবি তোলার পাগলামি সামলাতে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন পর্যটন শহর। জাপানে ছবি তোলা ঠেকাতে কড়াকড়ি বা উৎসব বাতিলের ঘটনা এটিই প্রথম নয়।
এর আগে ২০২৪ সালে দেশটির ফুজি কাওয়াগুচিকো শহরে মাউন্ট ফুজির দৃশ্য আড়াল করতে একটি বিশাল কালো পর্দা টাঙিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।
সেখানে একটি জনপ্রিয় দোকানের ওপর দিয়ে মাউন্ট ফুজি দেখা যেত। এই বিশেষ কোণে ছবি তোলার জন্য পর্যটকেরা সেখানে সারাক্ষণ ভিড় করে থাকতেন। কিন্তু পর্যটকদের যত্রতত্র ময়লা ফেলা এবং অবৈধ পার্কিংয়ে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালে শেষ পর্যন্ত দৃশ্যটিই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়।
শুধু জাপানই নয়, পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলোও। গত সোমবার ইতালির রোমে বিখ্যাত 'ট্রেভি ফাউন্টেন' দেখার জন্য ২ ইউরো ফি নির্ধারণ করা হয়েছে। এর আগে দর্শনার্থীরা সেখানে বিনামূল্যে যাওয়ার সুযোগ পেতেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং ঝরনাটির রক্ষণাবেক্ষণের খরচ জোগাতে এই অর্থ ব্যয় করা হবে।
ইতালির আরেক বিখ্যাত শহর ভেনিসেও পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এপ্রিল থেকে জুলাই মাসের নির্দিষ্ট কিছু দিনে ভেনিসে ঢুকতে পর্যটকদের ৫ থেকে ১০ ইউরো পর্যন্ত ফি গুনতে হচ্ছে। মূলত পর্যটন মৌসুমে ভিড় কমিয়ে শহরের পরিবেশ রক্ষা করতেই এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।
