হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব
দেশে চলমান হামের প্রাদুর্ভাবের পেছনের কারণ এবং হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং সেসব ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
'হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ' শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, 'হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হলে আপনাদের জানানো হবে। রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। প্রত্যেকটি ঘটনায় তদন্ত হওয়া দরকার।'
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে অন্তত ৬১ জন শিশু ল্যাব-নিশ্চিত হামের সংক্রমণে মারা গেছে। এছাড়া হামের মতো উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হলো।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সময়ে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৬ হাজার ৯৭৯ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে ৪৭ হাজার ৫৫৬ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।
