রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কদমতলী এলাকার একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, 'রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে'।
এর আগে শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকার ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় একে একে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়।
তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও জানা সম্ভব হয়নি।
