দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান
দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত না করা গেলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শেষে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, একজন মানুষ এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে কোনো পরিকল্পনাকেই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
তিনি বলেন, আজ এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে এতটুকু বলতে চাই, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহি নিশ্চিত করা। যেকোনো মূল্যে এ বিষয়গুলোকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব।
