কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় ৫৩টি হত্যামামলা নিয়েছে ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় এপর্যন্ত ৫৩টি হত্যা মামলাসহ মোট ২৬৪টি মামলা নিয়েছে। ঢাকার ৫০টি থানায় এসব মামলা দায়ের করা হয়।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, এসব মামলায় অন্তত ২,৮৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলাগুলোর বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, 'ঢাকায় বিভিন্ন থানায় ৫৩টি হত্যা মামলা হয়েছে। এরমধ্যে কিছু মামলায় নিহতের পরিবার বাদী হয়েছে, এবং কিছু মামলার রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়েছে।'
মামলাগুলোর সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করা হবে দাবি করে তিনি বলেন, 'শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে। পুলিশ এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে তদন্ত করবে। সেই মামলাগুলো ডিএমপি কমিশনার নিজে তদন্ত তদারকি করবেন। সিনিয়র অফিসারদের এসব মামলা মনিটরিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না।'
বিপ্লব কুমার আরও বলেন, আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়া হচ্ছে। এর ভিত্তিতে অভিযান ও ব্লক রেইড চলছে। 'সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের কোন বিরোধ নেই। আমাদের টার্গেট নাশকতাকারী জামায়াত-বিএনপি। কেউ গ্রেপ্তার বাণিজ্য করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশের গুলিতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনার সঠিক বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে।'
