আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৩ জুন) পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে রমনা থানায় ২ জন, শাহবাগে ১ জন, ধানমন্ডিতে ২ জন, হাজারীবাগে ২ জন, বংশালে ১ জন, সূত্রাপুরে ১ জন, পল্টনে ১ জন, তেজগাঁওয়ে ২ জন, শিল্পাঞ্চলে ১ জন, মিরপুরে ৩ জন, পল্লবীতে ১ জন ও কাফরুল থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াম মেহেদী।
তিনি জানান, রাজধানীর ১২টি থানায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ১৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।'
এর আগে, গতকালও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল ডিএমপি।
