শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) শুনানি শেষে ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। একই মামলার আরও তিন আসামিও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত সবার জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।
এরপর মঙ্গলবার রাত থেকে সাজেদুল ইসলামের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
