রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
রাজধানীতে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জুন) ডিএমপির বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছেন।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
