করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নঈমুল হক (৩৮) নামে ওই পুলিশ সদস্য মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-বন্দর জোনে কর্মরত ছিলেন।
নঈমুল হকের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেয়াবাদ পীরবাড়ি এলাকায়।
সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শ্বাসকষ্টে ভোগা নঈমুল হককে বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান।
জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তফা জামাল বলেন, নঈমুল হকের করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাকে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
শুক্রবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে, করোনাভাইরাসে নতুন হটস্পট হয়ে উঠছে চট্টগ্রাম। জেলায় এ পর্যন্ত ৫৭৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ জন।
