চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
চট্টগ্রামে 'ভুল চিকিৎসা'য় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার তদন্ত সিআইডিকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঘটনার বিষয়ে মতামত দিতে তিন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়কে।
রোববার (২২ জুন) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এ আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার নিচে নন—এমন একজন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে বলা হয়েছে। পাশাপাশি ১০ কার্যদিবসের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত জমা দিতে সিভিল সার্জন কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নগরের বায়েজিদ থানাধীন কসমোপলিটন এলাকার বাসিন্দা আমাতুল মাকনুন আদালতে মামলার আবেদন করেন। মামলায় সাজিনাস হসপিটাল লিমিটেডের পরিচালকসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন চিকিৎসক রয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভাশীষ শর্মা বলেন, চিকিৎসায় চরম অবহেলা ও অদক্ষতার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি হাসপাতালের নথিতে ভুল তথ্য সংযোজন করে ঘটনা আড়াল করার চেষ্টার অভিযোগও রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার কারণে তাকে একটি বেসরকারি হাসপাতালে এনআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসার কয়েকদিন পর শিশুটির অবস্থার উন্নতি হলেও পরে তার বাম হাতে জটিলতা দেখা দেয়। একপর্যায়ে আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং গ্যাংগ্রিনে রূপ নেয়।
পরিবারের অভিযোগ, শুরুতে বিষয়টি গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। অবস্থার অবনতি হলে ১ জুন শিশুটিকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসকেরা জানান cw সংক্রমণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত হাত কেটে ফেললেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। গত ৪ জুন তার মৃত্যু হয়।
নবজাতকের মা আমাতুল মাকনুন অভিযোগ করে বলেন, 'চিকিৎসকদের অবহেলা ও ভুল ব্যবস্থাপনার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে।'
