চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
চট্টগ্রাম নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকা (বিসিক) এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শনিবার (২০ জুন) সকালে ঘটেছে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি পোশাক কারখানার সামনে থেকে এক যুবক সড়কের দিকে এগিয়ে এসে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করেন। পরে তিনি কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন এবং সামনে এগিয়ে যেতে থাকেন। একপর্যায়ে অস্ত্র উঁচিয়ে আবারও গুলি করতে দেখা যায় তাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পাঁচ সদস্যের একটি দল কারখানার সামনে অবস্থান করছিল। তাদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
স্থানীয়দের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, 'বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।'
তিনি বলেন, 'তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।'
