চট্টগ্রামে একদিনে দুই চিকিৎসকসহ ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত
চট্টগ্রামে দুইজন চিকিৎসকসহ আরও ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব রোগীর করোনা শনাক্তের ফলাফল প্রকাশ করা হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক ও নগরের চকবাজার এলাকার এক নারী চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে এদিন ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৯ জন চট্টগ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা হয়েছে। সেখানে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৭ জনের। তাদের মধ্যে ছয়জন চট্টগ্রামের।
এ ছাড়া চমেক ল্যাবে ৬৬টি নমুনাপরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫৭৩ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হলো। এদের মধ্যে মারা গেছেন ২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ জন।
