শিক্ষা উপমন্ত্রীর মা করোনাভাইরাসে আক্রান্ত
চট্টগ্রামে নতুন ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার শনাক্ত হওয়া এসব রোগীর মধ্যে রয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মা ও চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন।
হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা উপমন্ত্রীর ছোটভাই বোরহানুল হাসানও করোনাভাইরাসে আক্রান্ত হন।
সিভিল সার্জন বলেন, রোববার চট্টগ্রামের ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪৮টি নমুনা পরীক্ষা হয়। তার মধ্যে ৩১টি নমুনার ফলাফল পজিটিভ আসে। তাদের মধ্যে চট্টগ্রামে ২৭ জন। আক্রান্তদের মধ্যে হাসিনা মহিউদ্দিনসহ তাদের দুই গৃহকর্মী রয়েছেন।
একইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে পরীক্ষিত ৭০টি নমুনার ফলাফলে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে দুইন চট্টগ্রামের বাসিন্দা।
অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষা হয়। ৫৪টির ফলাফল পজিটিভ আসেন। তারমধ্যে ৫৩ জন চট্টগ্রামের।
এ ছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষিত নমুনার ফলাফলে চট্টগ্রামের পাঁচ বাসিন্দার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের এ পর্যন্ত ৪২০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছে ২৪ জন।
