যুদ্ধবিরতিতে দ্রুতগতিতে মিসাইল ও ড্রোনের মজুত বাড়াচ্ছে ইরান: আইআরজিসি কমান্ডার
যুদ্ধবিরতিতে দ্রুতগতিতে নিজেদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ইরান। বিশেষ করে ড্রোন ও মিসাইলের মজুত বাড়াচ্ছে তারা। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মৌসাভি এ কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেনারেল মৌসাভি এসব কথা বলেন। ওই পোস্টের সঙ্গে ড্রোন ও মিসাইল রক্ষণাবেক্ষণের একটি ভিডিও যুক্ত করেন তিনি। মৌসাভি জানান, যুদ্ধবিরতি কাজে লাগিয়ে তারা ড্রোন ও মিসাইল ছোড়ার ব্যবস্থাগুলো নতুন করে সাজাচ্ছেন। এমনকি যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন তাদের কাজের গতি আরও বেড়েছে।
মৌসাভি দাবি করেন, 'শত্রুরা নিজেদের অস্ত্রভান্ডার সেভাবে পূরণ করতে পারছে না। আমাদের কাছে তথ্য আছে, তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে অল্প অল্প করে অস্ত্র আনছে।'
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে এই আইআরজিসি কমান্ডার আরও বলেন, 'তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারিয়েছে। লেবাননসহ পুরো অঞ্চল এখন তাদের হাতছাড়া। যুদ্ধের এই ধাপেও তারা হেরেছে।'
