এমন পোপ চাই না যিনি ‘মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন’: ইরান ইস্যুতে লিওকে ট্রাম্পের আক্রমণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছেন এবং তাকে 'অপরাধ দমনে দুর্বল' ও 'পররাষ্ট্র নীতির জন্য ভয়াবহ' বলে অভিহিত করেছেন।
রোববার (১২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাথলিক গির্জার প্রধানের বিরুদ্ধে এই নজিরবিহীন সমালোচনা করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, তিনি এমন কোনো পোপ চান না যিনি 'মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন'।
মূলত ইরান যুদ্ধ নিয়ে পোপের সাম্প্রতিক সমালোচনার কারণেই ট্রাম্প এমন আক্রমণাত্মক হয়ে উঠেছেন। গত সপ্তাহে পোপ সরাসরি ট্রাম্পের সেই হুমকির নিন্দা জানিয়েছিলেন, যেখানে তিনি ইরানি সভ্যতা ধ্বংস করার কথা বলেছিলেন। পোপ একে 'একেবারেই অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন।
এরপর গত রোববার ৭০ বছর বয়সী পোপ লিও বিশ্ব নেতাদের প্রতি চলমান রক্তপাত বন্ধের আকুল আবেদন জানান। তিনি যুদ্ধের পেছনে 'সর্বশক্তিমান হওয়ার বিভ্রমকে' দায়ী করে এর তীব্র নিন্দা করেন—যা মূলত ট্রাম্পের প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এর আগেও পোপ ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন, এটি কতটা 'জীবন-বান্ধব' তা তার জানা নেই।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'আমি এমন কোনো পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে। আমি এমন কোনো পোপ চাই না যিনি ভেনেজুয়েলায় আমেরিকার হামলাকে ভয়াবহ মনে করেন।'
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'পোপ হিসেবে লিওর উচিত নিজের অবস্থান ঠিক করা, কাণ্ডজ্ঞান ব্যবহার করা, কট্টর বামপন্থীদের তুষ্ট করা বন্ধ করা এবং একজন রাজনীতিক না হয়ে বরং একজন মহান পোপ হওয়ার দিকে মনোযোগ দেওয়া।'
ট্রাম্প এমনকি ক্যাথলিক চার্চে লিওর নেতৃত্বের কৃতিত্বও নিজের বলে দাবি করেন। তিনি ইঙ্গিত দেন, গত বছর নির্বাচিত হওয়া প্রথম মার্কিন বংশোদ্ভূত এই পোপকে ভ্যাটিকান মূলত হোয়াইট হাউসকে খুশি করার জন্যই বেছে নিয়েছে।
ট্রাম্প বলেন, 'আমি হোয়াইট হাউসে না থাকলে লিও ভ্যাটিকানে থাকতেন না।'
ট্রাম্পের কাছে পোপের ব্যাপারে এসব মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি পোপ লিওর 'খুব একটা ভক্ত' নন এবং পোপ তার কাজ 'ঠিকমতো করছেন না'।
তিনি বলেন, 'আমার মনে হয় তিনি অপরাধ পছন্দ করেন। তিনি অত্যন্ত উদারপন্থী একজন মানুষ।'
পোপ লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ছিল তিক্ত। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন, তখন ফ্রান্সিস তার প্রস্তাবিত অভিবাসন নীতির সমালোচনা করেছিলেন এবং ট্রাম্প 'প্রকৃত খ্রিস্টান নন' বলে ইঙ্গিত দিয়েছিলেন। ২০১৬ সালের শুরুর দিকে ট্রাম্প এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফ্রান্সিসের মন্তব্যকে 'লজ্জাজনক' বলেছিলেন।
উল্লেখ্য, পোপ লিও সোমবার থেকে আফ্রিকার দেশগুলোতে ১১ দিনের এক সফর শুরু করতে যাচ্ছেন। তার এই ঐতিহাসিক সফরের প্রথম গন্তব্য মুসলিম প্রধান দেশ আলজেরিয়া।
