আরিয়ানা গ্র্যান্ডেকে জাপটে ধরে জেলখাটা যুবক এবার লেডি গাগার কনসার্ট থেকে বিতাড়িত
পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডেকে জাপটে ধরার অপরাধে সিঙ্গাপুরে জেল খাটা এবং পরে দেশে ফেরত পাঠানো সেই অস্ট্রেলিয়ান যুবককে এবার লেডি গাগার কনসার্ট থেকেও বের করে দেওয়া হয়েছে। জনসন ওয়েন নামের ওই যুবক মঙ্গলবার রাতে নিজ দেশ অস্ট্রেলিয়ার ব্রিসবনে সানকর্প স্টেডিয়ামে লেডি গাগার শো শুরু হওয়ার আগেই নিরাপত্তারক্ষীদের হাতে বহিষ্কৃত হন।
২৬ বছর বয়সী জনসন ওয়েন ইনস্টাগ্রামে জানান, শো শুরু হওয়ার আগেই তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা তাকে হাত ধরে স্টেডিয়াম থেকে বের করে দিচ্ছেন। এ সময় উপস্থিত দর্শকরা চিৎকার ও দুয়োধ্বনি দিচ্ছিল।
স্টেডিয়াম কর্তৃপক্ষ সিডনি মর্নিং হেরাল্ডকে এক বিবৃতিতে জানায়, তারা জানতে পারে যে একজন 'পরিচিত সিরিয়াল অপরাধী' কনসার্টে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিবৃতিতে বলা হয়, 'শিল্পীর নিরাপত্তার স্বার্থে এই ব্যক্তিকে 'পারসন অব ইন্টারেস্ট' হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে কনসার্টে থাকার অনুমতি দেওয়া হয়নি।'
যদিও ব্রিসবেনে তিনি কোনো বিশৃঙ্খলা করার সুযোগ পাননি, তবু তার অতীতের 'পাবলিক নুইসেন্স' বা জনরোষ সৃষ্টিকারী আচরণের কারণে তাকে আগেভাগেই সরিয়ে দেওয়া হয়।
গত মাসেই সিঙ্গাপুরে 'উইকিড: ফর গুড'-এর এশীয় প্রিমিয়ারে আরিয়ানা গ্র্যান্ডেকে জাপটে ধরার অপরাধে সেখানকার আদালত তাকে নয় দিনের কারাদণ্ড দিয়েছিল। বিচারক ক্রিস্টোফার গোহ তাকে ভর্ৎসনা করে বলেছিলেন, 'আপনি মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন এবং এসব করার সময় অন্যের নিরাপত্তার কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবছেন।'
সাজা খাটার পর তাকে সিঙ্গাপুর থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। যদিও আদালতে তিনি কথা দিয়েছিলেন যে এমন কাজ তিনি আর করবেন না।
জনসন ওয়েনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অন্যান্য ভিডিওতে দেখা গেছে, তিনি এর আগে কেটি পেরি এবং দ্য উইকেন্ডের মতো বিশ্বখ্যাত তারকাদের মঞ্চে উঠে পারফরম্যান্সে বাধা সৃষ্টি করেছেন।
আরিয়ানা গ্র্যান্ডের সঙ্গে ঘটা ওই ঘটনায় ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাদের অভিযোগ, ২০১৭ সালে ম্যানচেস্টারে তার কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পর আরিয়ানা যে মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছিলেন, ওয়েনের এই আচরণ তাকে নতুন করে ভীতসন্ত্রস্ত করেছে।
