৪৫তম বিসিএস: শনিবারের মধ্যে গেজেটে অন্তর্ভুক্তির দাবি বঞ্চিতদের
৪৫তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকালের মধ্যে তাদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে যৌক্তিক কোনো সিদ্ধান্ত না এলে শাহবাগে অবস্থিত 'জুলাই চত্বরে' 'আত্মাহুতি' কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে গেজেটবঞ্চিত প্রার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে গতকাল (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত করে গেজেট জারি করা হয়। উল্লেখ্য, ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘ প্রায় ১১ মাস পর এ গেজেট প্রকাশ করা হলো।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সব ধরনের প্রক্রিয়া ও পরীক্ষা সফলভাবে অতিক্রম করে ৪৫তম বিসিএসে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চূড়ান্ত গেজেট থেকে ৫৪ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া প্রার্থীদের বড় একটি অংশ ২০২৪ সালের জুলাই আন্দোলনে সামনের সারিতে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। উপরন্তু, তাদের কারও বিরুদ্ধেই কোনো ধরনের ফৌজদারি মামলা বা অপরাধের অভিযোগ নেই বলে প্রার্থীরা দাবি করেন।
মানববন্ধনে গেজেটবঞ্চিত প্রার্থী নূরে আলম বলেন, 'জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। সরকারের পক্ষ থেকে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষার কথা বলা হলেও আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। কী কারণে আমাদের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়ে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।'
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, 'আমি বর্তমানে ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি। ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও আমাকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। যদি ৪৫তম বিসিএসে আমি যোগ্য না হই, তবে ৪৪তম বিসিএসে কীভাবে কর্মরত রইলাম?'
তিনি আরও বলেন, 'আগামী শনিবার সকাল ১০টার মধ্যে বর্তমান সরকার তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নিলে তারা শাহবাগের জুলাই চত্বরে ঃআত্মাহুতি" কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।'
গেজেটবঞ্চিত অপর প্রার্থী একরাম গাজী হৃদয় বলেন, 'এখানে উপস্থিত কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই, কেউ দেশদ্রোহী বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নন। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তবে আইন অনুযায়ী তার বিচার হোক। কিন্তু যাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ বা মামলা নেই, তাদের সবাইকে অনতিবিলম্বে গেজেটে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।'
