৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন, সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন ৫৭ প্রার্থী
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই হিসাবে উত্তীর্ণ ৫৭ জনের নাম প্রজ্ঞাপনে নেই। কী কারণে তারা বাদ পড়েছেন, তা জানা যায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন।
এর মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে ৬৬৮ জনকে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন করা হয়েছিল।
মৌখিক পরীক্ষার পর প্রকাশিত চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। তবে কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তারা চাকরিতে যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
এদিকে সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন আব্দুল্লাহ আল মামুন বেলাল নামের এক প্রার্থী। পরীক্ষায় তিনি সমাজকল্যাণ বিষয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি বলেন, গেজেটে তার নাম নেই। তার ধারণা- জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে হয়ত বাদ পড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় আব্দুল্লাহ আল মামুন বেলাল লিখেছেন, "৪৯তম বিসিএস-এ সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও গেজেটে আমার নাম আসেনি। জুলাই আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী ছিল, তা আমি বুঝতে পারছি না।"
ইতিহাস বিষয়ে প্রথম স্থান অধিকারকারী সোহেল রানাও জানিয়েছেন, গেজেটে তার নাম নেই।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "ধন্যবাদ বাংলাদেশ, ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও আমাকে গেজেটে স্থান না দেওয়ার জন্য।"
ইংরেজি বিষয়ে ১৪তম স্থান অধিকারকারী বুশরা জাহান ঐশীও জানিয়েছেন, তার নাম তালিকায় নেই। তিনি উল্লেখ করেন, ১৩তম ও ১৫তম স্থান অধিকারকারী প্রার্থীদের নাম গেজেটে থাকলেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
