চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
চীনের সঙ্গে বিপুল পরিমাণে বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, 'এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। আমরা যদি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি, তাহলে শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা-বাণিজ্যর ক্ষেত্রে একটি যুগান্তকারী অবস্থায় উপনিত হতে পারব।'
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীন সফর করছেন। তিনি দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাযর্কর পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে সরকারের ভিশন তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
তিনি স্পষ্টভাবে জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সরকারের আমলে এ ধরনের কোনো দেশবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
বিরোধী দলের সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, একটি মহল বর্তমানে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের অতীত ও বর্তমান কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন স্পষ্ট।
তিনি বলেন, দেশের প্রতিটি সঙ্কটে, যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, মানুষের কথা বলা এবং চলাচল, রাজনীতি করাকে যখন বন্ধ করেছে; তখন প্রধান সেনাপতি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। রোগে, শোকে, সঙ্কটে, দুঃখে, বেদনায় সমস্ত কিছু ধারণ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তার যে অপরিসীম অবদান, সেটি নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। অপপ্রচার দিয়ে আপনি বিএনপির গৌরবোজ্জ্বল অবদানকে কালিমালিপ্ত করতে পারবেন না, খাটো করতে পারবেন না।
জামায়াতের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, 'সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে। কিন্তু এখন তো আর গুম বা ক্রসফায়ারের অভিযোগ শোনা যায় না। রাজনৈতিক মত প্রকাশের কারণে কাউকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্রের আলোকিত ও মুক্ত পরিবেশ বজায় থাকে।'
