চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান সফর শেষে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (স্থানীয় সময়) দুপুর ২টায় তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত 'গ্রীষ্মকালীন দাভোস' সম্মেলনের বার্ষিক অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল '১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস'।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীসহ ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের মতে, 'গ্রীষ্মকালীন দাভোস' সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
