চীনে ‘টক্সিক পুরুষদের’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল, দুঃখ প্রকাশ
সেক্সিজম ভাঙার উদ্দেশ্য নিয়ে চীনে একটি বিজ্ঞাপন বানিয়েছিল ব্রিটিশ হাইজিন ব্র্যান্ড ডেটল। কিন্তু উদ্দেশ্য সাধনের বদলে বিজ্ঞাপনটি তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়। তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।
ডেটল একটি বহুমুখী জীবাণুনাশকের জন্য পাঁচ মিনিটের একটি মাইক্রো-ড্রামা বা ছোট নাটকের মতো বিজ্ঞাপন বানিয়েছিল। বিজ্ঞাপনটির শুরুতে দেখা যায়, একজন পুরুষ এমন এক নারী সঙ্গী খুঁজছেন যিনি 'ক্লিন' এবং 'অন্য কোনো পুরুষের ছোঁয়া পাননি'।
বিজ্ঞাপনের শেষ দিকে গিয়ে গল্পে একটা মোড় আসে। ওই পুরুষের নতুন প্রেমিকা তার এই নারীবিদ্বেষী (মিসোজিনিস্ট) মানসিকতার কড়া সমালোচনা করেন এবং তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। এরপর ডেটলকে ওই ধরনের 'টক্সিক পুরুষদের বিরুদ্ধে সমাধান' হিসেবে উপস্থাপন করা হয়, যাদের 'ব্যাকটেরিয়া বা জীবাণুর সঙ্গে' তুলনা করা হয়েছে।
কিন্তু বিজ্ঞাপনটি চীনের ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তোলে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন যে এটি নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করেছে। অনেকেই ব্র্যান্ডটিকে বয়কটের ডাক দেন।
তীব্র সমালোচনার মুখে ডেটল ইতিমধ্যে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে। তারা জানিয়েছে, বিজ্ঞাপনটির মূল উদ্দেশ্য ছিল লিঙ্গভিত্তিক গৎবাঁধা চিন্তাধারার (জেন্ডার স্টেরিওটাইপ) সমালোচনা করা। কিন্তু পরে অনলাইনে এর খণ্ডিত অংশ ছড়িয়ে পড়লে এর মূল বার্তাটি বিকৃত হয়ে যায়।
সোমবার এক বিবৃতিতে ডেটল বলে, 'আমরা বুঝতে পারছি যে এটি অনেক মানুষের, বিশেষ করে নারীদের অনুভূতিতে আঘাত করেছে। বিজ্ঞাপনটির কনটেন্ট তৈরি এবং পর্যালোচনায় যদি কোনো অবহেলা হয়ে থাকে, তবে আমরা তার দায়ভার নিচ্ছি।'
বিবৃতিতে বলা হয়, 'পরিবারের স্বাস্থ্য সুরক্ষার' লক্ষ্য নিয়ে ডেটল প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তারা এ-ও বুঝতে পারছে যে 'প্রকৃত সুরক্ষা বলতে প্রতিটি ব্যক্তির মর্যাদা রক্ষা করা এবং তাদের সমান অধিকার নিশ্চিত করাকেও বোঝায়।'
গত কয়েক দিন ধরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। মানুষের 'পবিত্রতা'কে ডেটলের জীবাণুনাশক ক্ষমতার সঙ্গে তুলনা করার চেষ্টায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।
চীনের এক্স-খ্যাত প্ল্যাটফর্ম ওয়েইবোতে একজন ব্যবহারকারী লিখেছেন, 'কী জঘন্য একটা বিজ্ঞাপন! আমি তো ভাষা হারিয়ে ফেলেছি।'
আরেকজন মন্তব্য করেছেন, 'তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কী করছেন? আমি আর কখনো ডেটল ব্যবহার করব না। বাজারে তো আরও অনেক ব্র্যান্ড আছে।'
'আই অন ডিজিটাল চায়না' নিউজলেটারের পরিচালক মান্যা কোয়েতসে এই প্রচারণাটিকে 'পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা একটি ব্র্যান্ডের জন্য চরম বিশৃঙ্খল পরিস্থিতি' বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, 'পুরুষ চরিত্রটিকে ভুল প্রমাণ করার উদ্দেশ্য থাকলেও, বার্তাটি এত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে যে তা তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে।'
ব্রিটিশ কোম্পানি রেকিট-এর মালিকানাধীন ডেটল যে চীনে প্রথমবারের মতো বিতর্কে জড়াল, এমন নয়। গত বছরও তারা একটি বিজ্ঞাপনে এমন এক লাইন ব্যবহার করে তোপের মুখে পড়েছিল: 'বিয়ের ঠিক আগেই মেয়েটিকে "ফেরত" দেওয়া হয়েছে; নিশ্চয়ই সে "ক্লিন" ছিল না।'
