রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী দুইটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেপ্তারেরা হলেন- মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি ও একটি ব্যানার, যাতে লেখা রয়েছে 'শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে'- উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
