কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। রোববার (৭ জুন) দুপুরে পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী শেখ হাসিনার ছবি নিয়ে মিছিলে অংশ নেয়। এসময় তারা 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' -স্লোগান দেয়। প্রায় তিন মিনিটের মিছিল শেষে দ্রুত মহাসড়ক ত্যাগ করার সময় তাদের ধাওয়া দেন ছাত্রদল নেতারা। এসময় ছাত্রদলের সঙ্গে স্থানীয়রা যুক্ত হয়ে ৪৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
