রাজধানীতে সড়ক বিভাজক ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪
রাজধানীর নর্দ্দা এলাকায় সড়ক বিভাজক ভেঙে আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দিয়েছে দূরপাল্লার ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ১০ জন।
বুধবার ভোর ৬টার দিকে ভাটারা থানার নর্দ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে বাড্ডার দিকে যাচ্ছিল। বাসটিতে ৫ থেকে ৭ জন যাত্রী ছিলেন। নর্দ্দা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে বিপরীত পাশের সড়কে থাকা আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে আকাশ পরিবহনের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
এসআই নেসার উদ্দিন জানান, "দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। তবে ইসলাম পরিবহনের চালক ও হেল্পার পালিয়ে গেছেন।"
