ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজারে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রবিবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই নারীসহ ৮ জন নিহত হন।
দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আর স্থানীয়দের দাবি, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় হেলপার গাড়ি চালাচ্ছিলেন।
নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের দুই ভাই আজির উদ্দিন ও আমিরউদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের নার্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মুন্নি বেগম, দিরাই ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী, ভাটিপাড়া নূর নগরের ফরিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান।
নিহতরা সবাই নির্মাণশ্রমিক। পিকআপ ভ্যানে করে তারা কাজের জন্য যাচ্ছিলেন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন। হেলপার গাড়ি চালাচ্ছিলেন।
আব্দুল লতিফ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, 'ড্রাইভার আছিল ঘুমো, আর হেলপার আছিল গাড়ি চালানিত'।
তবে হেলপার গাড়ি চালানোর বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
তিনি জানান, পুলিশ ট্রাকের হেলপারকে আটক করেছে। এছাড়া ট্রাক ও পিকআপ জব্দ করা হচ্ছে। তবে হেলপারের গাড়ি চালানোর বিষয়ে কিছু জানা যায়নি। পণ্যবোঝাই করা ট্রাক হেলপার চালানোর কথাও না।'
তবে দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন জানিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচলাক মো. শফিকুল ইসলাম ভূঁঞা বলেন, 'ট্রাকের চালক কাঁঠাল নিয়ে সারারাত গাড়ি চালিয়ে এসেছেন। ভোরের দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে শুনেছি। তবে তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।'
তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।
দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহদের স্বজনরা। রোবআর দুপুরে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ও আহতদের স্বজনদের ভিড়। তাদের অনেকেই আহাজারি করছেন।
নিহত নুরুজ আলীর ভাই সুয়েব আলী বলেন, 'টানা বৃষ্টির কারণে আমার ভাই গত ৩/৪ দিন কাজ করতে পারেনি। আজ রোদ উঠায় কাজে বেরিয়েছিল। এক ঠিকাদারের মাধ্যমে আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে পিকআপ ভ্যানে করে তারা সুনামগঞ্জে কাজের জন্য যাচ্ছিল।'
দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, 'পিকআপ ভ্যানের উপর নির্মাণ শ্রমিকের সঙ্গে সিমেন্ট মিকশ্চারের মেশিনও ছিল। ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে মিকশ্চার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে সবাই পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।'
ওসমানী মেডিকেল কলেজের পরিচলক ব্রিগেডিয়ার উমর রাশেদ মনির বলেন, 'আহতদের কয়েকজনের অবস্থাও সকটাপন্ন। একজন আইসিইউতে আছেন। বাকিদের হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের প্রয়োজন মতো বিভিন্ন বিভাগে পাঠানো হবে।'
