চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয় জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও পুলিশ।
আজ শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকার ফোর সিজন রেস্টুরেন্ট–সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রেহেনা বেগম (৬০) নামে এক নারীর পরিচয় জানা গেছে। তিনি পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বদিউল আলমের স্ত্রী। নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর আহতদের প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা একটি লাশ উদ্ধার করি। এ ছাড়া ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে পরে একজনের মৃত্যু হয়েছে।'
তিনি আরও জানান, আহত বেশ কয়েকজন যাত্রীকে তাদের স্বজনেরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।
