দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যে পেশাগত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের এক সফরে শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনএস সুনয়না'।
জাহাজটি বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার সেটিকে স্বাগত জানান। নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর একটি ব্যান্ড দল জাহাজটিকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, ভারতীয় জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বানৌজা 'আলী হায়দার' সেটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
সফরকালে 'আইএনএস সুনয়না'র কমান্ডিং অফিসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজার চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কর্মসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ও নৌযান পরিদর্শন করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন এলাকা ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনের এই সফর শেষে আগামী ১০ মে 'আইএনএস সুনয়না' বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।
